
রাজধানীর কদমতলির রায়েরবাগ এলাকায় ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় মোছাঃ সুমাইয়া নুর তাকওয়া (৮) নামের এক কন্যা শিশু নিহত হয়েছে।
বুধবার (০৬ মে) রাত সোয়া আটটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিশুর খালা মোছাঃ তানজিলাআক্তার জানান, তাকওয়া আজ নারায়ণগঞ্জ থেকে নানার বাসায় বেড়াতে আসে। সন্ধ্যার দিকে নানীর হাত ধরে কদমতলির রায়েরবাগ এলাকায় রাস্তায় হাঁটার সময় ব্যাটারি চালিত একটি অটো রিক্সা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়, পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসারজন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, তাকওয়ার গ্রামে বাড়ি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলি নতুন আইলপাড়া এলাকার মোঃ নুর আলম খানের মেয়ে। সুমাইয়া মারজিয়া স্কুল এন্ড কলেজে দ্বিতীয় শ্রেণীতে পড়তো। তারা তিন বোন সে ছিল দ্বিতীয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
















