
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এতিমদের সহায়তার নামে অনুদান সংগ্রহ করে প্রতারণার অভিযোগ উঠেছে একটি মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, এতিমখানা পরিচালনার কথা বলে দীর্ঘদিন ধরে অর্থ, খাদ্য ও অন্যান্য সহায়তা সংগ্রহ করা হলেও বাস্তবে সেখানে কোনো এতিম শিক্ষার্থী নেই। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পয়সা খানবাড়ি এলাকায় অবস্থিত তিতুমীর এতিমখানার নামে পরিচালিত প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অনুদান গ্রহণ করে আসছে। তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে কোনো এতিম শিক্ষার্থী নেই; বরং সাধারণ শিক্ষার্থীদের দিয়েই প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই অভিযোগ করেন, এতদিন এতিমদের সহায়তার উদ্দেশ্যে দান করলেও প্রকৃতপক্ষে তারা প্রতারণার শিকার হয়েছেন।
একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা এতিমদের কথা ভেবে সহায়তা করেছি। এখন যদি সেখানে এতিমই না থাকে, তাহলে এটি আমাদের সাথে প্রতারণা ছাড়া কিছুই নয়।” জানা গেছে, উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিষ্ঠানটি প্রতি বছর প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকে।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মাদ্রাসার কমিটির কোষাধ্যক্ষ আব্দুস সালাম খান বলেন, আমাদের উপর মিথ্যে অভিযোগ দেয়া হচ্ছে, আরও কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা বলেন আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে,তাছাড়া আর কিছুই না।
এদিকে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।















