
যুগ যুগ ধরে পুরান ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতিকে টিকিয়ে রাখার প্রত্যয় নিয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো “বুলবুল উৎসব – ২০২৬” ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শনিবার ২৯শে আগস্ট বিকেল ৪:০০ টায় ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি-কাঁচার মিলনায়তনে এই সাংস্কৃতিক মহোৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। ঐতিহ্যবাহী এই আয়োজনটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকায় পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন প্রান্তের সংস্কৃতিপ্রেমী মানুষের ঢল নামে।
এই আয়োজনকে সফল ও সম্পূর্ণ করার পেছনে বিশেষ ভূমিকা রেখে বক্তব্যে বুলবুল ললিতকলা একাডেমী বকশীবাজার শাখার অধ্যক্ষ এস. কে. মাইনুল ইসলাম আবেগঘন কণ্ঠে বলেন, পুরান ঢাকার সমৃদ্ধ সংস্কৃতি যেন হারিয়ে না যায় এবং এখানকার মানুষদের যেন সংস্কৃতির খোঁজে দূরে কোথাও যেতে না হয়, সেই লক্ষ্যেই তিলে তিলে এই একাডেমীকে আমরা আজ এতদূর এগিয়ে নিয়ে এসেছি। আগামী দিনের শিশুদের মাঝে দেশপ্রেম জাগ্রত করা এবং দেশীয় সংস্কৃতি লালন ও ধারণ করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। এর মাধ্যমে শিশুরা যেমন আনন্দিত ও উৎসাহিত হবে, তেমনি ভবিষ্যতে তারা আরও বড় বড় মঞ্চে পারফর্ম করার অনুপ্রেরণা পাবে। পাশাপাশি শিশুদের সমাজকল্যাণমূলক মানসিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতেও এই সংস্কৃতি চর্চা বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সফল করতে উপস্থিত ছিলেন বুলবুল ললিতকলা একাডেমীর পরিচালক মঙ্গল চন্দ্র, সেন্টার পয়েন্ট স্কুলের অধ্যক্ষ মজিবুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক তিতাস শীল।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত থেকে অনুষ্ঠানকে আলোকিত করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য শাহানা ফেরদৌস, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (Additional SP) কানিজ ফাতেমা, নূর জুয়েলার্স বিডি-র মালিক ও এ জেড ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফ জামান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একাডেমীর সকল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় আকর্ষণীয় নৃত্য, সংগীত ও আবৃত্তি। সবশেষে কৃতি শিক্ষার্থীদের হাতে বার্ষিক পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।











