
রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনে অবস্থিত হযরত শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে গতকাল রাত ৯টার দিকে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, জামায়াতে ইসলামীর একদল কর্মী লাঠিসোঁটা নিয়ে মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়ে স্লোগান দিতে দিতে ভেতরে প্রবেশ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মাজারের বাইরে কিছুক্ষণ শোডাউন দেওয়ার পর ‘নারায়ে তাকবীর’ স্লোগান দিয়ে ভেতরে ঢুকে পড়ে। এসময় মাজারে অবস্থানরত সাধারণ মানুষ, ভক্ত ও আশেকানদের ওপর অতর্কিত লাঠিচার্জ করা হয়। বিশেষ করে মাজারের ভেতরে যারা ঘুমিয়ে ছিলেন, তাদের ওপরও লাঠি দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
হামলার সময় মাজার এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় কতজন আহত হয়েছেন বা মাজারের কোনো স্থায়ী ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।










