
বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের মধ্য মলুহার গ্রামে একটি নিরীহ পরিবারের জমি দখল, গাছ কেটে নেওয়া এবং ক্রমাগত প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী মো: মোস্তাফিজুর রহমান স্বপন ও তার চাচাতো ভাই মো: কবির হোসেন ও সেলিমের বিরুদ্ধে।
ভুক্তভোগী মো: সুলতান হাওলাদার, তার স্ত্রী ও একমাত্র ছেলে মো: জাহিদ হোসেন বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্বপন, কবির ও সেলিম দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক জমি দখলের চেষ্টা চালাচ্ছে। ক্ষমতার দাপট দেখিয়ে তারা প্রায়ই সুলতান হাওলাদারের বাড়ির গাছ কেটে নিয়ে যায়। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানানো হলেও অভিযুক্তরা কারও তোয়াক্কা করছে না। এমনকি জমির সীমানা নির্ধারণের জন্য আমিন দিয়ে মাপজোখ করে পিলার বসাতে চাইলে তারা বিভিন্ন টালবাহানায় তা দীর্ঘ ৪/৫ বছর ধরে আটকে রেখেছে। শুধু তাই নয়, জোরপূর্বক জমির সীমানা (কান্দি) কেটে নিলেও তা আর মেরামত করে দেয়নি তারা।
স্থানীয়রা জানান, অভিযুক্ত স্বপন ও কবির হোসেন সব সময়ই ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকার চেষ্টা করেন। গত সরকারের আমলে তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমান পরিস্থিতিতে নিজেদের বিএনপি কর্মী হিসেবে পরিচয় দিচ্ছেন। এই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তারা এলাকায় একটি নিজস্ব ‘বাহিনী’ বা টিম গঠন করেছেন। কোনো প্রতিবাদ করলেই এই বাহিনী দিয়ে হামলা ও মামলা করার ভয় দেখানো হয়। তাদের ভয়ে গ্রামের সাধারণ মানুষ মুখ খোলার সাহস পায় না।
ভুক্তভোগী জাহিদ হোসেন বলেন, “আমরা আমাদের নিজেদের জমিতেও শান্তিতে থাকতে পারছি না। তারা যখন খুশি গাছ কেটে নিয়ে যাচ্ছে, হুমকি দিচ্ছে। ক্ষমতার দাপটে তারা আইন-কানুন কিছুই মানছে না। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও জীবনের নিরাপত্তা চাই।”
এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।










