
ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের টান ভাটারখোলা গ্রামে এক অসহায় পরিবারের ঘরে অবশেষে জ্বললো বিদ্যুতের আলো। ধামরাই উপজেলা এনসিপি সমন্বয়ক ইসরাফিল ইসলাম খোকনের সহযোগিতায় ওই পরিবারের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে আর্থিক অসচ্ছলতার কারণে পরিবারটি বিদ্যুৎ সংযোগ নিতে পারেনি। ফলে পরিবারের তিনটি শিশু অন্ধকারে কিংবা কুপির আলোয় পড়াশোনা করতে বাধ্য হচ্ছিল। বিষয়টি জানতে পেরে মানবিক উদ্যোগ নিয়ে তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেন ধামরাই উপজেলা এনসিপি সমন্বয়ক ইসরাফিল ইসলাম খোকন।
বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের বন্যা বইছে। বিশেষ করে তিনটি শিশু এখন বৈদ্যুতিক আলোতে পড়াশোনা করার সুযোগ পেয়েছে, যা তাদের জন্য এক নতুন আশার আলো।
এদিকে এই মানবিক উদ্যোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই এনসিপি নেতা খোকনের মানবিক উদ্যোগের প্রশংসা করছেন।
স্থানীয়দের মতে, সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতারা যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে অনেক পরিবারের জীবনমান পরিবর্তন সম্ভব।
এই সহযোগিতার ফলে অসহায় পরিবারটি যেমন উপকৃত হয়েছে, তেমনি এলাকাবাসীর মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।











