
পৃথক দুটি অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১। মোঃ ইউসুফ গাজী @ সিরাজ গাজী (৫৪) এবং তার স্ত্রী ২। মোসাঃ শুক্কুরী বেগম (৪৮) কে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩ ও র্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল।
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিশেষ ক্ষমতা আইন, মাদক কারবারি, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায়, র্যাব-৩ ও র্যাব-৭ এর যৌথ আভিযানিক দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিশেষ ক্ষমতা আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ১। মোঃ ইউসুফ গাজী @ সিরাজ গাজী(৫৪), পিতা-মৃত হারুন গাজী, সাং-পশ্চিম মদনা, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর এবং ২। মোসাঃ শুক্কুরী বেগম (৪৮) স্বামী-মোঃ ইউসুফ গাজী @ সিরাজ গাজী, সাং-পশ্চিম মদনা, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর’দেরকে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন এলাকা হতে ২৪ আগস্ট ২০২৬ তারিখ ১৭৫৫ ও ১৮২৫ ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামী মোঃ ইউসুফ গাজী @ সিরাজ গাজী এবং তার স্ত্রী মোসাঃ শুক্কুরী বেগম এর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-এ(সি) ধারায় অভিযোগ প্রমানিত হওয়ায় অতিরিক্ত মহানগর দায়রা জজ, ৮ম আদালত ঢাকা কর্তৃক ধৃত আসামিদেরকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। উল্লেখ্য যে, আদালত কর্তৃক সাজা প্রদানের পর থেকে আসামিরা দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক অবস্থায় নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে জীবন যাপন করে আসছে। উক্ত মামলার প্রেক্ষিতে চাঁদপুর সদর মডেল থানার অধিযাচনের ভিত্তিতে র্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল ধৃত আসামিদের অবস্থান শনাক্ত করে মোঃ ইউসুফ গাজী @ সিরাজ গাজী(৫৪) এবং মোসাঃ শুক্কুরী বেগম (৪৮)’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
















