
মানিকগঞ্জের সাটুরিয়ায় এলজিইডির বাস্তবায়নে কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণে অনিয়ম ও নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে।
জানা য়ায়, অ্যাডভোকেট ফটো ওরফে নেতার বাড়ি থেকে জান্নার বাজার পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার (২৩৮০ মিটার) রাস্তা নির্মানে ১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে কাজটি পান মেসার্স সবুজ অন্তুর কন্সট্রাকশন লিমিটেড।
কাজের শুরু থেকেই এলাকাবাসী বিভিন্ন অনিয়ম ও নিম্নমানের ইট ব্যবহার করলে আপত্তি জানালেও ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক সেদিকে কর্ণপাত না করে কার্পেটিং ও এজিংয়ের কাজ চালিয়ে জান।
এবিষয়ে, এলজিইডির সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বলেন, “ইটগুলো ভালোই আছে, খারাপ না।”
তবে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মোঃ আনোয়ার হোসেন নিজেই স্বীকার করে বলেন, “এই ইট দিয়ে কাজ করা ঠিক নয়, কিন্তু বর্তমানে ভালো ইট পাওয়া যাচ্ছে না বলেই কাজ চালিয়ে যাচ্ছি।”
এদিকে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ— কাজ শুরু থেকেই নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে। তারা বলেন, “রাস্তা এখনো শেষ হয়নি, অথচ দেখা যাচ্ছে খারাপ ইট দিয়ে বানানো হচ্ছে। কয়েক মাসের মধ্যেই এই রাস্তা ভেঙে যাবে। তাহলে কোটি টাকা খরচ করে রাস্তা বানানোরই বা লাভ কী?”
নির্মাণ কাজের কারণে একদিকে এলাকাবাসী ভোগান্তিতে পড়েছেন, অন্যদিকে নিম্নমানের ইট ব্যবহারের কারণে ভবিষ্যতে আরও দুর্ভোগের আশঙ্কা করছেন সবাই।
স্থানীয়রা দ্রুত কাজের মান পরিবর্তন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন এমনটাই দাবি জানান।














