ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে হাসপাতাল পরিদর্শন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক গঠিত মেডিকেল টিম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর শীর্ষ কয়েকটি সরকারি হাসপাতালে এ সচেতনতামূলক কার্যক্রম ও ওয়ার্ড পরিদর্শনের আয়োজন করা হয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় এই কার্যক্রমে অংশ নেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম, ডা. গালিব হাসান এবং সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমনসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা। পরিদর্শনকালে মেডিকেল টিমের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল (মিটফোর্ড) এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।
ওয়ার্ড পরিদর্শনের পাশাপাশি রোগী ও তাঁদের স্বজনদের ডেঙ্গু বিষয়ে জরুরি স্বাস্থ্যনির্দেশনা ও সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে ডেঙ্গুর লক্ষণ শনাক্তকরণ, জ্বরের সময়ে করণীয় ও বর্জনীয় বিষয়াবলি, পর্যাপ্ত তরল খাবার গ্রহণ, বিপজ্জনক লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনীয়তা এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের উপায় তুলে ধরে সচেতনতা সৃষ্টি করা হয়।
চিকিৎসক নেতারা জানান, জনস্বাস্থ্যে সেবায় চিকিৎসক সমাজ সবসময় মানুষের পাশে রয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা, সতর্কতা ও সবার সম্মিলিত উদ্যোগই সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.