বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এ কর্মরত সদস্যদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের ওপর আয়োজিত ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান আজ বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সমাপনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি বর্তমানে এনালগ থেকে ডিজিটাল যাত্রার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করছে। বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমকে সময়োপযোগী, গতিশীল ও কার্যকর করতে এই ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিতে হবে। এ লক্ষ্যে প্রশিক্ষণ ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি ডিজিটাল কনটেন্ট ও আধুনিক প্রশিক্ষণ উপকরণের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, আধুনিক ডিজিটাল প্রযুক্তি ও উপস্থাপনা পদ্ধতির মাধ্যমে প্রশিক্ষণকে আরও সহজ, আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে হবে। প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ উপকরণের কার্যকর ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণের মান ও গ্রহণযোগ্যতা বাড়ানোর পাশাপাশি বাহিনীর সামগ্রিক কার্যক্রমকে আরও ফলপ্রসূ করে তোলা সম্ভব। বাহিনীর অপারেশনাল কার্যক্রম, জননিরাপত্তা, সামাজিক উন্নয়ন, জনকল্যাণ ও প্রতিরোধমূলক উদ্যোগসহ সার্বিক কার্যক্রম জনগণের কাছে কার্যকর, আকর্ষণীয় ও ইতিবাচকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন মহাপরিচালক। তিনি বলেন, এসব কার্যক্রম, সাফল্য ও মানবিক উদ্যোগকে গুরুত্ব দিয়ে মানসম্মত, তথ্যনির্ভর ও সময়োপযোগী কনটেন্ট তৈরি এবং গণমাধ্যম ও ডিজিটাল মিডিয়ার মাধ্যমে তা যথাযথভাবে প্রচার করতে হবে।
তিনি উল্লেখ করেন, কনটেন্টকে আরও গ্রহণযোগ্য, আকর্ষণীয়, তথ্যবহুল ও সময়োপযোগী করে উপস্থাপনের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই বাহিনীর মিডিয়া কার্যক্রমে এআইয়ের দায়িত্বশীল, সৃজনশীল ও কার্যকর ব্যবহার নিশ্চিত করে বাহিনীর সকল কার্যক্রমের ইতিবাচক চিত্র জনগণের সামনে তুলে ধরতে তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান। ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ আনসার ও ভিডিপির মিডিয়া সেলের রেঞ্জভিত্তিক প্রতিনিধিসহ মোট ৪২ জন সদস্য অংশগ্রহণ করে প্রশিক্ষণ সম্পন্ন করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন করতে Cloud Connect ও Learning Bangladesh গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে ভূমিকা পালন করে। মহাপরিচালক প্রতিষ্ঠান দুটির ইনস্ট্রাক্টর টিমের আন্তরিকতা, দক্ষতা এবং প্রশিক্ষণ পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে মিডিয়া সেলের সদস্যদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আধুনিক প্রযুক্তি, ডিজিটাল কনটেন্ট প্রস্তুত ও উপস্থাপনা বিষয়ে দক্ষতা আরও সমৃদ্ধ হয়েছে। এই দক্ষতা কাজে লাগিয়ে বাহিনীর বিভিন্ন কার্যক্রমের তথ্য ও জনকল্যাণমূলক বার্তা আরও দ্রুত, আকর্ষণীয় ও কার্যকরভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি বাংলাদেশ আনসার ও ভিডিপির ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রাকে আরও বেগবান করা সম্ভব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহিনীর উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল বায়জিদ মোহাম্মদ তারেক জুনায়েদ, উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মোঃরফিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারী।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.