প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ৭:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২৬, ৫:৫৬ এ.এম
আগৈলঝাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, দুই অভিভাবককে জরিমানা: ইউএনও

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের সময়োপযোগী ও তাৎক্ষণিক হস্তক্ষেপে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার বাকাল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বাল্যবিয়ে বন্ধের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও কনে উভয় পক্ষের বাবাকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, উপজেলার কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে উজিরপুর উপজেলার হারতা গ্রামের আকাশ খলিফার বিয়ের আয়োজন চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার থানা পুলিশের সহযোগিতায় দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা বন্ধ করে দেন।
আইন অমান্য করে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে ৫ হাজার টাকা এবং বরের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কনের পরিবারকে বাল্যবিয়ের কূফল ও আইনি নিষেধাজ্ঞা সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে সচেতন করা হয়। একই সাথে মেয়েটি প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে কোনোভাবেই তাকে বিয়ে দেওয়া হবে না, এই মর্মে পরিবারের কাছ থেকে একটি লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ইউএনও নিরুপম মজুমদার জানান, বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসন সর্বদা সচেষ্ট এবং এই ধরণের সামাজিক অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.